ময়মনসিংহে হামের ভয়াবহতা যেন থামছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে—যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।
হাম ইউনিটের ফোকাল পারসন ডা: গোলাম মাওলা জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ছয় মাস বয়সী এক শিশু ১৯ মে ভর্তি হলে রোববার বিকেলে তার মৃত্যু হয়। অপরদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের ১০ মাস বয়সী আরেক শিশু বুধবার ভর্তি হয়ে আজ মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে মোট ১,৬০৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৫০৮ জন। কিন্তু একই সময়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ শিশুর।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানে গাফিলতি, জনসচেতনতার অভাব এবং প্রাথমিক চিকিৎসা নিতে বিলম্ব—এ তিন কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
হাম প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও একের পর এক শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ সঙ্কট আরো ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কাই এখন সবার মধ্যে।



