মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত হেলথকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ২য় ও ৩য় তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিসিন, শিশু, গাইনীসহ নানা বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে দিনভর রোগীদের ভিড় দেখা যায়।
হাসপাতালের চেয়ারম্যান ইকবাল হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেনের তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালিত হয়।
আয়োজকরা জানান, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



