বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরে যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ভুটভুটির সংঘর্ষের এক সপ্তাহ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম (৪৩) নামে আরো এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নাজমুল বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের সাদেক মন্ডলের ছেলে। তিনি জামায়াতের বড়াইগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ছিলেন।
স্থানীয়ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ৮ আগস্ট শনিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বাস ও ভটভটির সংঘর্ষে একই গ্রামের দুই ভাই আক্কাস আলী (৬৩) ও জাহাঙ্গীর আলমসহ (৪২) লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান (৭০) নামে তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, গত ৮ আগস্ট গরু বোঝাই একটি ভটভটি নিয়ে গরু ব্যবসায়ীরা সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। এ সময় তারবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন, হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালসহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আজ নাজমুল ইসলামের মৃত্যু হয়।



