ডেঙ্গু রোধে ফেনী পৌরসভার মশক নিধন অভিযান

পৌরসভা সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই দিন করে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।

Location :

Feni

ফেনী অফিস
দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফেনী পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে ফেনী পৌরসভা।

বুধবার সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. দিদারুল আলম বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ফেনী পৌর এলাকায় যাতে এর বিস্তার না ঘটে, সে লক্ষ্যেই বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। তবে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ছাদবাগান, ফুলের টব, পানির পাত্র বা অন্য কোথাও যেন দুই দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধে সফলতা অর্জন সম্ভব।

পৌরসভা সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই দিন করে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।