উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার এমন অভিযোগের ভিত্তিতে নয়া দিগন্তের সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে তিন নারী দালালচক্রের সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রীনা খানম, তাসলিমা আক্তার ও নাসরিন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেয়ার নামে অর্থ আদায় করছিল। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটক রীনা ও তাসলিমাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নাসরিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল।
তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে দালালচক্রের কোনো স্থান নেই। এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন, ‘স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো অনিয়ম বা দালালি সহ্য করা হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’



