চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ঝিনুক ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাদের মোহাম্মদ রায়হান নামের সাত মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
ঝিনুকের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সঙ্কটের কারণে স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রাখা হয়েছিল। এসব স্বর্ণ ফেরত আনার জন্য স্ত্রী চাপ দিচ্ছিলেন। এ নিয়ে আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। এরপর জানালা দিয়ে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে তাকে নিচে নামান।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ঝিনুককে নির্যাতন করা হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের শাস্তি দাবি করেছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ঝিনুককে ওড়না দিয়ে পাখায় ঝুলতে দেখা যায় এবং পাশে স্বামী ওমর ফারুককে দরজা খোলার জন্য চিৎকার করতে শোনা যায়। এটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।’



