অ্যাডভোকেট সাবিকুন্নাহার

‘স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে কেউ দুর্নীতির সুযোগ পাবে না’

‘বিপুল ভোট আমাদের দিয়েছেন। অফিশিয়ালি আমরা পাশ করতে না পারলেও যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণ করতেই আমাকে মনোনীত করা হয়েছে।’

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নিকে সংবর্ধনা
১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নিকে সংবর্ধনা |নয়া দিগন্ত

১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে কেউ দুর্নীতির সুযোগ পাবে না।’

তিনি বলেন, ‘স্বচ্ছতার সাথে আমরা কাজ করব। শপথ গ্রহণের পর এরই মধ্যে ৮০ হাজার ৮০০ টাকা বরাদ্ধ পেয়েছি। ওই টাকা ১০টি ইউনিয়নে সমন্বয় করে সমানভাবে বণ্টন করা হবে।’

শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহ শহরের নন্দিবাড়ী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা নারী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট সাবিকুন্নাহার বলেন, ‘ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। মুক্তাগাছায় নারীদের শিক্ষা-দীক্ষায় সকল দিক থেকেই এগিয়ে নিতে আমরা কাজ করব। নারীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যে দায়িত্ব পেয়েছি তার পরিপূর্ণ হক আদায় করা হবে।’

মুক্তাগাছাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিপুল ভোট আমাদের দিয়েছেন। অফিশিয়ালি আমরা পাশ করতে না পারলেও যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণ করতেই আমাকে মনোনীত করা হয়েছে। এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করে দুর্নীতি, মাদকমুক্ত করে আপনাদের কাঙ্ক্ষিত সমাজ গড়ব।’

তিনি আরো বলেন, ‘তরুণ সমাজকে শুধুমাত্র শাসন করে নয়, মোটিভেশন দিয়ে, সুশিক্ষা দিয়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা কাজ করব।’ জুলাই আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আন্দোলনের ছাত্র-জনতার প্রতিও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সভানেত্রী মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নারী জামায়াতের সেক্রেটারি কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারি ডা: সেতারা বেগম, কামরুন্নাহার কোহিনুর, মুক্তাগাছা উপজেলা সহকারী সেক্রেটারি রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারি তামান্না সুলতানা, সদস্য সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন, আবেদা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই নারী জামায়াতের নেত্রী ও কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সহস্রাধিক নারী নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।