নওগাঁর রাণীনগরে গরুর জন্য ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে নৌকা থেকে পড়ে বিলের পানিতে নিখোঁজ হন তিনি। পরে দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
তিনি উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বেলা ১১টা নাগাদ আব্দুল হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকাযোগে গরুর জন্য ঘাস কাটতে যান। এর পর ঘাস কাটা শেষে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। এসময় তার স্ত্রী লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানি থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



