ভালুকায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Mymensingh
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পৌর এলাকায় অবস্থিত শেফার্ড গ্রুপের জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের দাবি, তাদের এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, বকেয়া বেতনের দাবিতে শেফার্ড গ্রুপের জিন্স কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।