তাহিরপুরে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
মালামালসহ অভিযানে গ্রেফতারকৃতরা
মালামালসহ অভিযানে গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে গাঁজাসহ ফাহিমা বেগম (৪৫) ও ময়না মিয়া নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফাহিমা বেগম সোলেমানপুর গ্রামের শওকত আলীর স্ত্রী এবং ময়না মিয়া নিশ্চিতপুর গ্রামের মরহুম আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশ সুপার ও তাহিরপুর সার্কেলের দিকনির্দেশনায় তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) পংকজ দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তর পাড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজতে থাকা এক কেজি ৭০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার ৪০০ টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এসআই পংকজ দাশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।