শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলমান বন উজাড় ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে আধা ঘণ্টাব্যাপী এ সমাবেশে পরিবেশ রক্ষা ও বনাঞ্চল ধ্বংস বন্ধে জোরালো দাবি তোলা হয়।
সম্মিলিত সচেতন সমাজের মুখপাত্র রহমত আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন, সেভ দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান)-এর জেলা সভাপতি নাঈম ইসলাম, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুল হক মনির, বার্ড কনজারভেশন সোসাইটির উপজেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ, বিউটি অব ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মোশারফ, ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’-এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান খান, তারুণ্যের মঞ্চের আহ্বায়ক লুৎফর রহমান লাজু, রবিউল ইসলাম রুমানসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে রাতের আঁধারে নির্বিচারে গাছ কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী ও পাখির প্রাকৃতিক আবাসস্থল। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।



