ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ৭০ উর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে যাত্রা করে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এলে আগ থেকে উৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তারপর গাড়ি ভাঙচুর করে লাশের সাথে থাকা নারীসহ নয়জনকে পিটিয়ে আহত করে এবং তাদের ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট করে।
ছবদর আলীর ছেলে আলমগীর মিয়া বলেন, টাকা পয়সা ও মোবাইল নিছে দুখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের উপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার কী কী নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা। অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।



