ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে আব্দুল মমিন (৪১) নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য রায়ে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আলী মনসুর এ রায় দেন। রায়ের সময় আসামি মমিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকার মরহুম জালাল বৈরাগী ওরফে প্রামাণিকের ছেলে। মামলার অন্য আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রাত ৮টার দিকে রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকায় নিজ বাড়িতে একা পেয়ে ১৪ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন মমিন। এ সময় তার মা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে অভিযুক্ত পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।


