ফরিদপুরের ভাঙ্গায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাঙ্গা উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে ও সমাজেসবা কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, ওসি আবদুল আলীম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



