ভোরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশে ভোরে ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তিস্থল ছিল মণিপুর। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভোরে ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে জানা যায়, ভোর ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো: রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও উৎপত্তিস্থল ঢাকা থেকে দূরে হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

তিনি আরো বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : বাসস