মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেয়ার আগেই হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং একপর্যায়ে সেখানেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, ‘বাবু একটু আগেই কেন্দ্রে ভোট দিতে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেলো, অথচ ভোটটা আর দেয়া হলো না।’
স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজাহান বলেন, ‘এতোদিন পর এই নির্বাচনে অনেকটা ঈদের আনন্দ বিরাজ করছে, কিন্তু তার এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’



