বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে জাকারিয়া ইসলাম শয়ন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানবন্ধন করেছেন গ্রামবাসী ও শিক্ষার্থীরা।
রোববার (২৯ মার্চ) ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গোছা বাজারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ, খাইরন নেছা তিশা, মোর্শেদা, শিক্ষার্থী মেহেজাবিন প্রমুখ।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন বলেন, ‘আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেই লক্ষ্যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তারা জাকারিয়া ইসলাম শয়নের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) রাতে জোড়গোছা পূর্বপাড়ায় টগর নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির পূর্বপাশের বারান্দায় ছুরিকাঘাতে মারা যান জাকারিয়া ইসলাম শয়ন। হত্যাকাণ্ডের পর নিহতের মা মোর্শেদা বেগম তিনজনের নামে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।
নিহত শয়ন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মরহুম গোলাম রব্বানীর ছেলে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘শয়ন হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।’



