খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শামীম নামে নিউমোনিয়ায় আক্রান্ত ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়। তবে, শিশুটির অভিভাবকরা তার মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলার অভিযোগ করেছেন।
খুমেক হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বালিপাড়া বেলডাঙ্গা গ্রামের আরিফ ও তার স্ত্রী নূরজাহান ১০ মাসের শিশু সন্তান শামীমকে জ্বরাক্রান্ত অবস্থায় খুমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, শিশু শামীম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাদের দাবি, হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ও নার্সরা সময়মতো শিশুটির খোঁজ নেননি এবং প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেননি। চিকিৎসার অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে।
তবে খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: হোসাইন আলী বলেন, ‘শিশুটির চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তবে হাসপাতালে ভর্তির পর কোনো এক সময় অভিভাবকরা শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিলেন। পরে তারা আবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। সম্ভবত এই সময়ের মধ্যেই শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল।’


