পটুয়াখালীর গলাচিপায় দুলাল মোল্লার (৩৫) ছুরিকাঘাতে চাচাতো ভাই সহিদুল মোল্লা (৪৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সহিদুল ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মোতাহার মোল্লার ছেলে।
ঘাতক দুলালকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের দুলাল বিভিন্ন বিষয় নিয়ে তার বাবা কাঞ্চন মোল্লার সাথে দীর্ঘদিন যাবত খারাপ আচারণ করে আসছিল। এ ঘটনায় কাঞ্চন বাড়ির লোকজন নিয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কাছে অভিযোগ করেন। অভিযোগের সময় সহিদুল চাচা কাঞ্চনের সাথে ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য মিজানুর দেওয়ান দুলালকে ডেকে এনে বাবা, চাচা ও চাচাতো ভাইদের সাথে আগামী বৃহস্পতিবারের মধ্যে মিলে যাওয়ার জন্য প্রস্তাব দেন। তা না হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার করার তারিখ ও সময় নির্ধারণ করে দেন।
সেদিন রাত ১০টার দিকে সহিদুল বাড়ি যাওয়ার পথে পিছন দিক থেকে দুলাল ছুরি দিয়ে তাকে আঘাত করে। আহত সহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: নূর উদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: সৈয়দুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।



