নাঙ্গলকোটে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌলখাঁড় পূর্বপাড়া এলাকার কালারমার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot
নিহত রহিম জাহাঙ্গীর
নিহত রহিম জাহাঙ্গীর |সংগৃহীত

কুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের চার দিন পর গলায় ও পিঠে ইট বাঁধা অবস্থায় রহিম জাহাঙ্গীর (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌলখাঁড় পূর্বপাড়া এলাকার কালারমার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রহিম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

নিহতের ভাই মাহফুজ আলম বলেন, ‘গত রোববার সকালে প্রতিদিনের মতো আমার ভাই তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়। ওই দিন রাতে বাড়ি গেলে আমার ভাইয়ের স্ত্রী রাশেদা আক্তার জানান, আমার ভাই বাড়িতে আসেননি। পরে গত ২৬ জানুয়ারি আমার ভাবি নাঙ্গলকোট থানায় নিখোঁজের জিডি করেন। গত তিন দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার বোনের শ্বশুর আনা মিয়া মোবাইলে ফোন করে জানান, দৌলখাঁড় পূর্বপাড়া কালারমার পুকুরে একটি লাশ ভাসতে দেখেছেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। এ সময় তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া তার গলায় ও পিঠে সাতটি ইট বাঁধা ছিল।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ২৫ জানুয়ারি রাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা যাত্রীবেশে আমার ভাইকে দৌলখাঁড় এলাকায় নিয়ে যান। পরে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। একপর্যায়ে তারা গলায় ও পিঠে ইট বেঁধে তাকে পুকুরে ফেলে দেন, যাতে লাশ ভেসে উঠতে না পারে।’

নাঙ্গলকোট থানার পরিদর্শক মোহাম্মদ জালাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।