সোনারগাঁওয়ে কার্যনিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj
গ্রেফতার ছাত্রলীগ কর্মীরা
গ্রেফতার ছাত্রলীগ কর্মীরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের প্রস্তুতিকালে কার্যনিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। এর আগে রাতে তাদের নামে সোনারগাঁও থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন।

তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশে সহযোগিতায় ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেফতার করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: জসীম উদ্দিন বলেন, ‘মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতারকৃত ছাত্রলীগের ১২ কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে।’