সারিয়াকান্দিতে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে তেল নেই নোটিশ ঝুলানো একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

Location :

Sariakandi
সারিয়াকান্দিতে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
সারিয়াকান্দিতে ৪ হাজার লিটার ডিজেল জব্দ |নয়া দিগন্ত

বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা

বগুড়ার সারিয়াকান্দিতে তেল নেই নোটিশ ঝুলানো একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে জব্দ করা তেল সারিয়াকান্দি পৌরসভার টিপুর মোড় এলাকায় সরকার নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে অভিযান সূত্রে জানা যায়।

এর আগে বুধবার রাতে সারিয়াকান্দি পৌরসভার দক্ষিণ হিন্দুকান্দি এলাকায় লোপা এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন ।

তার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে গুদাম ও দোকার তৈরি করে ব্যবসা চালানোর অভিযোগও রয়েছে। সম্প্রতি দেশব্যাপী তেল সঙ্কট দেখা দিলে তিনি বিক্রি বন্ধ রেখে তেলের অবৈধ মজুত গড়ে তুলেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গুদামের ভেতরে থাকা কয়েকটি ড্রাম ও একটি তেলের লরির ট্যাংকি থেকে আনুমানিক চার হাজার লিটার ডিজেল তেল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে লোকমান হাকিম পালিয়ে যান বলে জানা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত গুদাম ও দোকান সিলগালা করে দেন।

অভিযুক্ত লোকমান হাকিম দাবি করেন, চরাঞ্চলে চলমান কয়েকটি নির্মাণকাজের জন্য তিনি এসব তেল সংরক্ষণ করেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।