চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় সী হার্ট ফ্যাক্টরিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ফ্যাক্টরি থেকে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা অবৈধ জাল কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’



