বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সুশাসন কায়েম করতে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।’
তিনি বলেন, ‘দলীয়করণ করে সুশাসন কায়েম করা যাবে না। ক্ষমতায় এসেই দলীয়করণ করলে পুরনো কালচার থেকে বের হওয়া যাবে না।’
শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজার সমুদ্র পাড়ের একটি তারকা মানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারি দলের সাথে আমরা অতীতেও কাজ করেছি। আমাদের মধ্যে সৌহার্দ্য রয়েছে। সেই সৌহার্দ্য ধরে রেখে একসাথে কাজ করতে চাই। আমরা দেশে বিভাজন ও ট্যাগিং সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। দেশের মানুষের সার্বিক নিরাপত্তার ও কল্যাণ নিশ্চিত করতে অতীতের মতো আমরা সংসদ ও প্রয়োজনে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করব। দেশে অব্যাহত ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের উচিত হবে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনা করা। দেশ পরিচালনায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্ব রয়েছে। সরকার ও বিরোধীদল একসাথে দেশ পরিচালনা করলে দেশে শান্তি নেমে আসবে। মানুষ স্বস্তিবোধ করবে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করব, সরকার জনগণের মনের ভাষা বুঝে দেশ পরিচালনা করবে। সরকারের ইতিবাচক সমস্ত কর্মকাণ্ডে জামায়াতে ইসলামী সার্বক্ষণিক সহযোগিতা করবে। আইনের শাসনের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখলে সরকারের পাশে থাকব।’
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘মানবতার শান্তি ও মুক্তি একমাত্র কোরআনেই নিহিত রয়েছে। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আত্মনিয়োগ করতে হবে।’
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কাশেম, এনসিপি জেলা শাখার সভাপতি অধ্যাপক আখতার আলম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি জে এইচ এম ইউনুস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল হক চকোরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, নবনির্বাচিত সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মোহাম্মদ হাশিম, সাধারণ সম্পাদক আনছার হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক এম আর মাসুদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।



