সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, কারাদণ্ড ও জরিমানা

অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে
অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, সঙ্কট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বড়গাঁও বাজারের সৈকত ট্রেডার্সের মোবারক হোসেন, মেসার্স রিহান ট্রেডার্সের আবুল হাসেম, সামিহা ট্রেডার্সের আব্দুস সালাম ও কৃষক সোহেল।

জানা গেছে, অভিযান চালিয়ে ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও বাজারের মোবারক ও হাসেমের গুদাম থেকে ২০০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় তাদের সাত দিনের কারাদণ্ড এবং যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার করে মোট ৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বাজারের সালামের দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা ও বড়গাঁওয়ের সোহেল নামে এক কৃষকের কাছ থেকে আট বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

এ সময় প্রশানের উপস্থিতি টের পেয়ে বাজারের মেসার্স ফিহা ট্রেডার্সেও মালিক সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ ও ব্যবসায়ী মুক্তার হোসেন গুদামে তালা দিয়ে গা ঢাকা দেন।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ কৃষি দফতর ও থানা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই দণ্ড দেয়া হয়েছে।’

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘প্রশাসন সতর্ক রয়েছে। প্রকৃত কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।’