‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্ভাবনী প্রতিযোগিতার বরিশাল জেলা পর্যায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে বরিশাল নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার।
বরিশাল জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মো: নাজমুল হাসান, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো: আবদুল জব্বার ও বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।
উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ের এই ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো সারাদেশে এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে।



