ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
রোকনুজ্জামান সরকার রোকন
রোকনুজ্জামান সরকার রোকন |নয়া দিগন্ত

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে।’

ওই প্রজ্ঞাপনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।

জানা যায়, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন রোকনুজ্জামান সরকার রোকন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘রোকন ভাই’ হিসেবে সমধিক পরিচিত। স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে সব সময়ই নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। নেতাকর্মীদের বিপদ-আপদেও সবার পাশে ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুষ্ঠিত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোকনুজ্জামান সরকার রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ছাত্রজীবনে ময়মনসিংহ সরকারি কলেজের জিএস ও ভিপি নির্বাচিত হন। তিনি কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে তার নামে প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়। তিনি দীর্ঘ ১৬ বছর পুলিশি হয়রানির কারণে ঘরছাড়া ছিলেন।

এদিকে তাকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন।

তিনি বলেন, ‘একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।’