বরিশালের উজিরপুরে মেজর জলিল সেতুর উত্তর পাশ সংলগ্ন এলাকা থেকে নিখোঁজের এক দিন পর মোবারক হালাদার (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মোবারক হালাদার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকা থেকে নিখোঁজ হন। এরপর আজ সোমবার বিকেল ৫টার দিকে মেজর জলিল সেতুর উত্তর পাশের সন্ধ্যা নদীর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



