লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে মৎস্য খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মো: আব্বাস উদ্দিন নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী মারা গেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগের ভোররাতে দুর্বৃত্তরা সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে জিতু অ্যাগ্রো মৎস্য খামারে আগুন লাগিয়ে দেয়। তখন ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারাত্মক আহত হন মো: আব্বাস উদ্দিন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্বাস উদ্দিন ওই এলাকার মরহুম হোসেনের ছেলে।
নিহতের ছেলে প্রিন্সসহ স্বজনরা জানায়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোররাতে একদল দুর্বৃত্ত জিতু অ্যাগ্রো মৎস্য খারের থাকার ঘরে বাহির থেকে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়। পরিবারের অন্য সদস্যরা সময়মতো বের হতে পারলেও গভীর ঘুমে থাকায় আব্বাস বের হতে পারেননি এবং দগ্ধ হন। এতে তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেই দিনই তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
প্রিন্স বলেন, ‘এর আগেও মৎস্য খামারের বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও যুবদলের স্থানীয় কয়েকজন নেতা আমার মা বাবাসহ আমাকেও কুপিয়ে আহত করেছিল। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ‘অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় পরিবারে পক্ষ থেকে কেউ মামলা দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



