কুষ্টিয়ায় ছাওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ)-এর উদ্যোগে ইয়াতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক ফরহাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না, দৌলতপুর মহিলা কলেজের অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ছাওয়াবের জেনারেল ম্যানেজার আবুল হাসান, সমাজসেবক খায়রুল ইসলাম রবীন, আকাবা নার্সারির স্বত্বাধিকারী ডা. রুহুল আমীন, প্রতীতি বিদ্যালয়ের প্রিন্সিপাল নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল কাইয়ুম ও দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি এ.এফ.এম নুরুল কাদের প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ১২৪ জন ইয়াতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুজ্জামান ছাওয়াবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সমাজের বিত্তবানদের ইয়াতিম ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ছাওয়াব শুধু শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহনই করছে না, বরং তাদের পরিবারের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মেধাবীদের সর্বোচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করছে।
তিনি আরো বলেন, ইয়াতিম পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ছাওয়াব এ কার্যক্রম দেশব্যাপী পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত করার চেষ্টা করছে।
অনুষ্ঠান শেষে ইয়াতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন অতিথিরা।



