দিনাজপুরের নবাবগঞ্জে আম বাগান থেকে রুপালী রানি (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী।
বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাচগছি গ্রামের সেকেন্দার নামে এক ব্যক্তির আম বাগানে এ ঘটনা ঘটে।
রুপালী রানি ওই গ্রামের অরুণের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্বামী-স্ত্রী একসাথে একটি কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়তে যান। পরবর্তীতে স্থানীয়রা পাশের সেকেন্দারের আম বাগানে রুপালী রানির লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকেই অরুণ পলাতক রয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, দাউদপুর ইউনিয়নের পাচগছি এলাকায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



