তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এবার এমন এক প্রেক্ষাপটে আমরা ঈদুল আজহা উদযাপন করছি, যখন বিশ্বের নানা জায়গাতে সঙ্কট চলছে। দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।
আজ বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীর সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এ উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কিভাবে প্রস্তুত থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।
পরে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঈদগাহ মাঠে বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি



