দুর্গাপুরে বাড়িতে অবৈধ তেল মজুদ, ৫২৬ লিটার জব্দ ও ন্যায্যমূল্যে বিক্রি

‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে।’

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
বাড়ি থেকে ৫২৬ লিটার জ্বালানি তেল জব্দ
বাড়ি থেকে ৫২৬ লিটার জ্বালানি তেল জব্দ |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট নিরসন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ ) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলায় একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪০৫ লিটার পেট্রল ও ১২১ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়। এ থেকে প্রাপ্ত ৬৪ হাজার ৩০৫ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স যথাযথভাবে নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের সঠিক রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সাধারণ ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’