স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন তারা।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন প্রায় ২০০ শিক্ষার্থী। এতে চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এছাড়া স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ নানা দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারী রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থায়ী ক্যাম্পাস, ট্রান্সপোর্টের জন্য বাস সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য, আন্তরিক ও দায়িত্বশীল ভিসি, রাজনীতিমুক্ত ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন করে আন্তরিক ও দায়িত্বশীল কাউকে নিয়োগ দেয়া।

উল্লেখ্য, এর আগে গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরে আবারো আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিবর্তন হয়নি। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম জামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেন।