চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর ভাড়া বাসায় চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ওই প্রবাসী পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে তিনি পরিবারসহ শ্বশুরবাড়িতে যান। ২৯ মে সকালে ফিরে এসে দেখেন, বাসার তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারিতে রাখা প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও ২৮ হাজার টাকা চুরি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে মকিমাবাদ এলাকা থেকে হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অন্য এক সহযোগীর সাথে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।
গ্রেফতার হৃদয়ের দেয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে দু’টি আংটি ও একটি কানের দুল স্থানীয় একটি স্বর্ণের দোকানে বিক্রির জন্য দেয়া হয়েছিল। পরে পুলিশ ওই দোকান থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের ওজন প্রায় ১ ভরি ৩ রত্তি।
এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মাধব রঞ্জন সরকারকেও (৪৩) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলছে, চোরাই মালামাল কেনাবেচার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।



