শনিবার কুমিল্লায় পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সাথে বৈঠকও হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তার যাত্রাবিরতির কথা রয়েছে।

এদিকে সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ পড়েছে। ভাঙ্গা সড়ক মেরামত করা হয়েছে। এখন চলছে মঞ্চ সাজানোর কাজ।

শুক্রবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা মঞ্চ সাজানো কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠের পাশে লাগানো হচ্ছে শুভেচ্ছা ব্যানার। এছাড়া মাঠের নিচু অংশ বালু দিয়ে ভরাট করা হচ্ছে।

এদিকে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রেজা হাসান, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের পক্ষ থেকে ২০০১ সালে এই মাঠে এসেছিলেন। এবার আসছেন দেশের প্রধান হয়ে। তার আগমনকে কেন্দ্র করে কুমিল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লার আর্থ সামাজিক উন্নয়নে তার ঘোষণা দিবেন।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রেজা হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সাথে বৈঠকও হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।’