পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১৮ দিনে জমা পড়েছে ৩২ বস্তা টাকা

শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির দানবাক্সগুলো খোলা হয়।

নয়া দিগন্ত অনলাইন
৪ মাস ১৮ দিনে মানুষের দান ৩২ বস্তা টাকা
৪ মাস ১৮ দিনে মানুষের দান ৩২ বস্তা টাকা |সংগৃহীত

চার মাস ১৮ দিনে ধর্মপ্রাণ মানুষের দানে ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্সে জমা পড়েছে ৩২ বস্তা টাকা।

আজ শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ দানবাক্সের টাকা গণনার কাজে অংশ নেন। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার চার মাস ১৮ দিন পর খোলা হয়। এ সময় নতুন করে আরো দু’টি দানবাক্স বসানো হয়।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল, চার মাস ১২ দিন পর দানবাক্স খোলার সময় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। সেইসাথে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণনার তথ্য নিশ্চিত করেছেন।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মো: রমজান আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। সূত্র : বাসস