পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আক্কাস আলী (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত আক্কাস আলী চারঘাট উপজেলার থানাপাড়া সারদা এলাকার মরহুম হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ডাম্প ট্রাকটি পুঠিয়ার দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারী ট্রাকটির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন, ‘সকাল ৮টার দিকে পুঠিয়ার বিড়ালদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন পথচারী নিহত হয়েছেন। আমরা ট্রাকটিকে আটক করেছি তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।’



