কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার শূন্য থেকে ৫ শতাংশ হওয়ায় ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণি থেকে পাঠদান প্রযোজ্য ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ৪টি, চাঁদপুর জেলার ২টি, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি ও লক্ষ্মীপুর জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, কেমব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার চাঁনপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল কলেজ, ভাজরা ঝঊঝউচ মডেল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের শরীফ উল্ল্যাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন শুক্রবার দুপুরে জানান, এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য থেকে ৫ শতাংশ হওয়া ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রথমে কুমিল্লা বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শোকজ করি। প্রতিষ্ঠানগুলো স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। পাঠদানের জন্য কম সংখ্যক শিক্ষক রয়েছেন।



