গাজীপুরে ভাষা দিবসে শহীদ বরকতের মায়ের কবরেও মানুষের শ্রদ্ধা

ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের শ্রদ্ধা |নয়া দিগন্ত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আনুষ্ঠানিকতার পর গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন কর্মসূচি। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এসময় ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এসময় বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে থাকে। বিভিন্ন বয়সী লোকজন একক বা দল বেঁধে শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে।

দিবসটিতে গাজীপুরস্থিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি-বাংলাদেশ (ইউএফটিবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি), জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ও জেলার বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কালো ব্যাজ ধারণ, র‌্যালী ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় বরকতের মা হাসিনা বানুর কবরের পাশে দিনভর কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে। শনিবার ভোর থেকে নলজানী এলাকায় ভাষা শহীদ বরকতের মাতা হাসিনা বানুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ ও শিল্প কারখানার ছাত্র-ছাত্রী, শিক্ষক, নারী, পুরুষ, শিশু ও শ্রমিকদের ঢল নামে।