বাগেরহাটের ফকিরহাটে গাড়ির ধাক্কায় মো: আফজাল হোসেন নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফজাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপতিপুর গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে আফজাল পিকআপভ্যান নিয়ে গোপালগঞ্জ থেকে সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করেন। পথের মধ্যে ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে তার পিকআপভ্যানে ত্রুটি দেখা দেয়। এ সময় তিনি মহাসড়কের পাশে পিকআপ থামিয়ে সাহায্যের জন্য অন্য গাড়ির উদ্দেশে সিগন্যাল দিতে থাকলে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আফজালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার এসআই মো: ইফসুব শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’



