রংপুর অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু

কার্যক্রম শুরু করেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ এনামুল আহসান, সিটি করপোরেশনের সচিব রাকিব হাসান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম |নয়া দিগন্ত

রংপুর মহানগরীতে পরিচ্ছন্ন রাখতে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাচারী বাজারে এই কার্যক্রম শুরু করেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ এনামুল আহসান, সিটি করপোরেশনের সচিব রাকিব হাসান।

পরে পুলিশের সহযোগিতায় কাচারী বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের ডিভাইডার ও দু’ধারের অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানের সময় অনেকে নিজেরাই অপসারণের প্রতিশ্রুতি দেন।

প্রধান সড়কসহ পুরো নগরীজুড়ে এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার ছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার, মাল্টিন্যাশনাল কোম্পানী ও বিভিন্ন ধরনের প্রচারপত্র শোভা পাচ্ছে। এতে করে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

ডিসি মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম শুরু হলো। এই অভিযান অব্যাহত থাকবে।’

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘আইন মেনে ব্যানার ফেস্টুন সরাতে হবে। যারা আইন মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।‘