প্রধানমন্ত্রীর বরিশাল সফরে স্বনির্ভর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণের দাবি চরকাউয়ার কৃষকদের

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

খালিদ সাইফুল্লাহ, বরিশাল ব্যুরো

Location :

Barishal
প্রধানমন্ত্রীর বরিশাল সফরে স্বনির্ভর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণের দাবি চরকাউয়ার কৃষকদের
প্রধানমন্ত্রীর বরিশাল সফরে স্বনির্ভর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণের দাবি চরকাউয়ার কৃষকদের |নয়া দিগন্ত

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। কৃষকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কেরামত আলী হাওলাদার।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালটি দীর্ঘ প্রায় ৪৮ বছর পর পুনঃখননের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পেয়েছে। খালটি শুধু একটি জলাধার নয়, বরং চরকাউয়ার কৃষি, অর্থনীতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। পুনঃখননের ফলে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন, কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং জীবিকার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা থাকলেও স্বনির্ভর খাল পরিদর্শন বা সেখানে বৃক্ষরোপণের কোনো কর্মসূচি নেই। এতে স্থানীয় কৃষকরা হতাশা প্রকাশ করেন। তাদের দাবি, খালের দুই পাড় বর্তমানে প্রায় বৃক্ষশূন্য। সেখানে বৃক্ষরোপণ করা হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালটির ঐতিহাসিক গুরুত্বও আরও সমুন্নত থাকবে।

কৃষক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নেতৃবৃন্দ ভবিষ্যতে খালটি পরিদর্শন করবেন এবং এর উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হবেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একটি মহল নিবন্ধনহীন ও অনলাইনভিত্তিক কিছু মাধ্যমে খালটির পুনঃখনন নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। বক্তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে খননকাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর হাওলাদার, মো: আনোয়ার মহিউদ্দিন, কল্যাণ অধিকারী, মো: আতাহার হাওলাদার, মো: বেলায়েত হোসেনসহ চরকাউয়া ইউনিয়নের কৃষক সমাজের নেতৃবৃন্দ।