জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ২৫

সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে র‍্যাব ও যৌথবাহিনীর চলাচলে বাধা সৃষ্টি করতে রাস্তার অন্তত চারটি স্থানে বড় গর্ত তৈরি করে রাখে। যা ছিল দু’টি ক্যাম্পের ঠিক মাঝামাঝি জায়গায়। পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই তারা এই কাজটি করেছে।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
র‌্যাবের লোগো
র‌্যাবের লোগো |ফাইল ছবি

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান চালিয়ে ২০ থেকে ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী। বর্তমানে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে র‍্যাব ও যৌথবাহিনীর চলাচলে বাধা সৃষ্টি করতে রাস্তার অন্তত চারটি স্থানে বড় গর্ত তৈরি করে রাখে। যা ছিল দু’টি ক্যাম্পের ঠিক মাঝামাঝি জায়গায়। পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই তারা এই কাজটি করেছে। এতে যানবাহন নিয়ে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে সদস্যরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। তবে সেই সুযোগে মূল সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

র‍্যাব অধিনায়ক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব, জেলা পুলিশ, রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ) ও এপিবিএনের সমন্বয়ে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় প্রায় ১৫০ জন সদস্য অবস্থান করছেন এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, ‘অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিরপরাধদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।