ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা ধারণের আহ্বানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন- পাগলা থানা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আবু তালেব, পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান হীরা ও পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: রোকন তালুকদার।
প্রধান অতিথি ইসমাঈল হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে।
তিনি তার বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা মাওলানা এমদাদুল হক মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। ধৈর্য, সহানুভূতি ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
তিনি রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



