মেলান্দহে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার

মঙ্গলবার (২১ জুলাই) সকালে হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যান শহিদুল ইসলাম। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
মেলান্দহ থানা, জামালপুর
মেলান্দহ থানা, জামালপুর |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুরে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকালে হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যান শহিদুল ইসলাম। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

শুক্রবার সকালে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের সাথে তার ছেলের জন্য খাবার নিয়ে যাওয়া টিফিন ক্যারিয়ারও উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছে তার পরিবার।