মুন্সীগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়

বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সার্বিক পরিবেশ শান্ত ছিল বলে জানিয়েছে প্রশাসন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বিজয়ী প্রার্থীরা।
বিজয়ী প্রার্থীরা। |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে। তিন আসনেই বিএনপির নতুন মুখ জয় পাওয়ায় জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মুন্সীগঞ্জ-১, শেখ মো: আব্দুল্লাহ বিপুল ভোটে জয়ী
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোমিন আলী পেয়েছেন ৩০ হাজার ৩৯৪ ভোট।

এ আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সার্বিক পরিবেশ শান্ত ছিল বলে প্রশাসন জানিয়েছে। বিজয়ের পর শেখ মো: আব্দুল্লাহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুন্সীগঞ্জ-২, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ পেয়েছেন এক লাখ ২১ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা প্রতীকের মাজেদুল ইসলাম পেয়েছেন ৬৩ হাজার ১৮৬ ভোট।

১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলনের কে এম বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ২১৩ ভোট, জাতীয় পার্টির মো: নোমান মিয়া পেয়েছেন দুই হাজার ৮০৫ ভোট এবং ইসলামিক ফ্রন্টের আশিক মাহমুদ পেয়েছেন ৬৩৭ ভোট।

বিজয়ের প্রতিক্রিয়ায় আব্দুস সালাম আজাদ জানান, জনগণের আস্থার মর্যাদা রক্ষায় তিনি কাজ করবেন।

মুন্সীগঞ্জ-৩, মো: কামরুজ্জামান রতন এগিয়ে থেকে জয়
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে পোস্টালসহ ১৭০টি কেন্দ্রের ফলাফলে মো: কামরুজ্জামান রতন পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মো: মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

রিকশা প্রতীকের নূর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট। ইসলামী আন্দোলনের সুমন দেওয়ান পেয়েছেন ছয় হাজার ৩৯২ ভোট। অন্য প্রার্থীরাও সামান্য ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯২ এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫২টি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সামগ্রিকভাবে তিন আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফল চূড়ান্ত হবে।