ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
রোববার (২৪ মে) দুপুরের দিকে নগরীর আলুপট্টিতে ইসলামী ব্যাংক রাজশাহী শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ছিল ইসলামী ব্যাংক। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় হস্তক্ষেপ, অনিয়মিত ঋণ বিতরণ এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ নেয়ার কারণে ভয়াবহ সঙ্কটের মুখে পড়ে এই ব্যাংকটি। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাংকের সুশাসন ভেঙে পড়ে। প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়া হয়। এর ফলে ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন বক্তারা। এতে কোটি গ্রাহকের আমানত ও আস্থা ঝুঁকির মুখে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো— ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর ছুটি বাতিল করে পুনর্বহাল, শেয়ার নগদায়ন ও দায় পরিশোধ, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ষড়যন্ত্রকারীদের বহিষ্কার।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, শাহজাহান আলী, অধ্যাপক আব্দুস ছামাদ, আজম আলী, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, প্রফেসর হোসেন আলী, ড. মাওলানা গোলাম মুর্শেদ, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক জালাল উদ্দীন, মাওলানা এনামুল হক প্রমুখ।



