দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ১৩টি চিনিকল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে সেতাবগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেতাবগঞ্জ চৌরাস্তা বাজারে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনার দাবিতে ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার, আন্দোলন পরিষদের অন্যতম নেতা বদরুদ্দোজা বাবন ও শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা মো: ফয়সাল মোস্তাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে সেতাবগঞ্জ শহর অচল করে দেয়া হবে। একইসাথে অবিলম্বে চিনিকল পুনঃচালু এবং বেসরকারিকরণের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার দাবি জানান তারা।



