চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে ট্রাক্টকচালককে তুলে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা যায়নি।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে
চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে |নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশার চুরির অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযোগকারীরা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে ও তার দেয়া তথ্যমতে সোমবার রাতে আরিফকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।

সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে অভিযোগকারীরা। দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলী মিয়া বলেন, ‘আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, ‘আরিফ যদি সিএনজিচালিত অটোরিকশা চুরি করেও থাকতো, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে মব সৃষ্টি করে একটি লোককে পিটিয়ে হত্যা করা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।’

এ ঘটনার সাথে কারা জড়িত বা হামলাকারীরাদের পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, ‘হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষনিকভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’